এ বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নভেরা হোসেনের উপন্যাস ‘কেউ জানতে চায়নি’। দেশ পাবলিকেশনস থেকে প্রকাশিত উপন্যাসটির প্রচ্ছদ করেছেন বিধান সাহা। ২২৫ পৃষ্ঠার উপন্যাসটির গায়ের দাম ৩০০ টাকা।
নভেরা হোসেনের কেউ জানতে চায়নি- উপন্যাসটি সম্পর্কে কলকাতার কবি, লেখক গৌতম চৌধুরী বলেছেন, ‘সাবলীল, লেখার গতি, বিষয়বস্তু সহজেই আকর্ষণ করে, সমকালীন জীবনের প্রতিচ্ছবি। উপন্যাসটি বর্তমান বাংলাদেশের সমকালীন জীবন-চক্রের একটি চালচিত্র।’
তিনি বলেছেন, ‘যুদ্ধ উত্তর স্বাধীন দেশে মধ্যবিত্ত পরিবারগুলো কীভাবে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে সে বিষয়টি উপন্যাসের মূল উপজীব্য। বাঙালি সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির মিশ্রণে মধ্যবিত্তরা ধীরে ধীরে একটি মিশ্র সংস্কৃতির মধ্যে ঘূর্ণ্যমান। তবে এখানকার আদিবাসী এবং গ্রামীণ জীবন এখনো স্বকীয়তা টিকিয়ে রাখতে লড়ে যাচ্ছে রাষ্ট্র এবং সমাজের সাথে।’
গৌতম চৌধুরী আরও বলেছেন, ‘উপন্যাসের সোহিনী চরিত্রটি বাঙালি নারীর প্রতিচ্ছবি। যাদেরকে পরিবার ও সমাজে নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়ে যেতে হচ্ছে। কখনো যৌন আগ্রাসন, কখনো পারিবারিক, সামাজিক প্রতিবন্ধকতা। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রটি আবিষ্কার করে সমতলের মানুষেরা নিজেরা যেমন নিজেদের শত্রু হয়ে উঠছে তেমনি শত্রু হয়ে উঠছে আদিবাসী মানুষের। বাঙালি এবং আদিবাসীদের এই সমস্ত কথা কোথাও লিখিত হয় না, বলা হয় না, এমনকি জানতেও চাওয়া হয় না, এইরকম কিছু সত্যের মুখোমুখি হই আমরা- কেউ জানতে চায়নি উপন্যাসে।’
নভেরা হোসেনের জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। তবে শৈশব হতে ঢাকাতেই বেড়ে উঠেছেন। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন। প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ছয়টি, দুটি গল্প গ্রন্থ। এছাড়া গত বছর দেশ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে নভেলা সংকলন ‘অন্তর্গত করবী’। ২০২০ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে কবিতার বই ‘জলে ডোবা চাঁদ’। নভেরা হোসেনের ১০টি কবিতা ইংরেজিতে অনূদিত হয়ে The great Bengali poetry Underground বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে, বইটি প্রকাশ করেছে সিঙ্গাপুরের কিতাব প্রকাশনী।