বায়েজিদ বোস্তামীর দ্বিতীয় কবিতার বই ‘আমি যে মরি না তাই’

বইমেলায় পাওয়া যাচ্ছে কবি ও গদ্যকার বায়েজিদ বোস্তামীর নতুন কবিতার বই ‘আমি যে মরি না তাই’। গত জানুয়ারিতে বইটি প্রকাশ করে বৈভব। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

এটি বায়েজিদ বোস্তামীর দ্বিতীয় কবিতার বই। বইমেলায় বৈভবের ১১৫ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। গায়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

এছাড়া পাঠক সমাবেশ, নির্বাচিত, বাতিঘর, উজান-সহ অন্যান্য বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে বইটি। অনলাইনে সংগ্রহ করা যাবে বৈভব, বাতিঘর, প্রথমা, রকমারি থেকে।  

‘আমি যে মরি না তাই’ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামী বলেন, ‘আমি যে মরি না তাই বিগত কয়েক বছরে লেখা আমার কবিতাগুলির থাকি বাছাই করা কবিতার সংকলন। মানুষের (অ)সভ্যতার দখল ও আগ্রাসনের বিপরীতে চড়ুইয়ের বিপন্নতা নিয়া দুনিয়ায় আছি আমি। আর্ট কিংবা আর্টের নন্দন আমার মোক্ষ না। ফলে, আমি যে ধরনের কবিতা লিখি সেরকম কবিতাই এই বইয়েও আছে। অর্থাৎ প্রেম ও সর্বপ্রাণের ব্যাপারে আমার যে পলিটিক্যাল স্ট্যান্ড তার পরিচয় এই বইয়ের কবিতাগুলিতে পাঠক পাবেন।’

২০১৯ সালে প্রকাশিত হয় বায়েজিদ বোস্তামীর প্রথম কবিতার বই ‘পাপের পুরাণ’। এছাড়া ২০২১ প্রকাশিত তার একমাত্র গল্পের বই ‘গাঙডুবি’।