‘মহাজীবন’ নিয়ে মেলায় কামরুল আহসান

এক সকালে এক নদীর তীরে ভেসে ওঠে একজন মানুষ। পূর্বের কোনো স্মৃতি তার মনে নেই। সে এক সময় ভাষা শিখে, চিন্তা করতে শিখে। সে মনে করে পৃথিবীর সবারই বোধহয় তার মতো নদী থেকেই জন্ম হয়েছে। আস্তে আস্তে সে বুঝতে পারে জীবন ও জগতের অনেক রহস্য। সে জানতে পারে শুধু মানুষ নয়, জগতের সমস্ত পশু-পাখিরও জন্ম হয় যৌনতা থেকে। এক সময় সেও অনুভব করে পশুর মতো যৌন-উত্তেজনা।

এমন এক আখ্যান নিয়ে একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কামরুল আহসানের উপন্যাস ‘মহাজীবন’। লেখকের ভাষায় বইটি হলো, একজন মানুষ কিংবা সমগ্র মানবসভ্যতার অস্তিত্বের অর্থ অন্বেষণের যাত্রা। 

গল্প এগোতে থাকলে দেখা যায়, এক রাতে সেই অবোধ মানুষ নিজের বীজ ছুঁয়ে হতবিহ্বল হয়ে থাকে। সে ভাবতে থাকে এত শক্তি যে যৌনতার, সে যৌনতা আসলে কী? আবার একটি নারীকে ভালোবেসে এক যুবক পায়নি বলে আত্মহত্যা করেছে। ভালোবাসাই-বা কী? এক সময় সে জানতে পারে মানুষও মরে যায় পোকামাকড়ের মতো। সে খুঁজতে শুরু করে সমগ্র মানবজীবনের অর্থ। দীর্ঘ এক যাত্রার মধ্য দিয়ে নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে, সভ্যতার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে বোঝাপড়ার মুখোমুখি হয় সে।

তারপর… আধুনিক সভ্যতা ছেড়ে সেই মানুষটি এক সময় গিয়ে উপস্থিত হয় অজানা এক জনপদে। সেখানে গিয়ে দেখা পায় অন্ধ এক তরুণীর। সেই তরুণীর ভাষাও যুবক জানে না। কিন্তু, মনে করে এই তরুণীই তার জীবন। শেষ পর্যন্ত কী অর্থ সে লাভ করে!  

‘মহাজীবন’ প্রকাশ করেছে আদর্শ। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ১০২ পৃষ্ঠার বইটির দাম ২৪০। বইমেলায় প্রকাশনা সংস্থা আদর্শ’র স্টল ও অনলাইন বুকশপে মিলছে ‘মহাজীবন’।

মেলায় কামরুল আহসানের আরও একটি বই প্রকাশ হয়েছে। আধ্যাত্মিক গুরু ওশোর রচনা থেকে অনুবাদ ‘সৃজনশীলতা’। বইটি এনেছে দিব্য প্রকাশ, দাম ২৫০ টাকা। এটিও মেলা ও অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।