ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ সস্ত্রীক এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার মামুদপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- ফরিদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (৪৬) ও তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।
শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল ফরিদপুর কোতয়ালী থানার মামুদপুরে গোলাম মোস্তফার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দু’টি স্টিলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
জামাল পাশা বলেন, এই অভিযানে আট বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে থাকা মাদক বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইন পৃথক মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে তুলে চার দিনের রিমান্ড চাওয়া হবে।