‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পেলেন রঞ্জনা বিশ্বাস

‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৮’ পেয়েছেন প্রাবন্ধিক ও গবেষক রঞ্জনা বিশ্বাস। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক প্রাবন্ধিক আকিমুন রহমান। সভাপতিত্ব করেন অনন্যা-সম্পাদক তাসমিমা হোসেন।

অনুষ্ঠানের শুরুতে রঞ্জনা বিশ্বাসের ওপর তাপস কুমার দত্ত নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠানটি শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের পরিবেশনা দিয়ে। 

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে রঞ্জনা বলেন, ১৫ বছর আগে যে জীবনকে আমি অস্বীকার করতে চেয়েছিলাম আজ সেই জীবন অনন্যা স্বীকৃতি পাচ্ছে। এই বিষয়ে ঘোর আমার কাটছে না। আমি সকলকে বলতে চাই, ভালোবেসে শুধু জীবনকে উদ্‌যাপন করতে শেখো। যেসকল নারী জীবনের অর্থ বোঝেন না, তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, জীবনে প্রয়োজনের জন্য বাঁচুন। সমাজের প্রতিটি শ্রেণিপেশা, ধর্ম-বর্ণের মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষ হিসেবে নিজেকে অতিক্রম করে যান। 

অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সদস্যরা।