সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন, নাম সোলাইমান শেখ (৫০) ।

সোলাইমান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে। তার ক্ষতবিক্ষত মরদেহ দুপুর ১টার দিকে জঙ্গল থেকে উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনে কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের হামলার শিকার হন।

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ ও বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সপ্তাহখানেক পূর্বে বুড়িগোয়ালিনী থেকে মধু সংগ্রহের জন্য জঙ্গলে গেলে বৃহস্পতিবার সে বাঘের হামলার শিকার হন।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।