দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি, মাদ্রাসাছাত্র, গৃহকর্মী, শ্রমিকসহ অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার ও শুক্রবার রাতে বাগেরহাট, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাগেরহাটের রামপালে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক দম্পতি। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্রাকচাপায় মৃত্যু হয়েছে এক মাদ্রাসাছাত্রের, সীতাকুণ্ডে লরির ধাক্কায় নিহত হয়েছে এক কিশোর। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে এক শ্রমিকের এবং ঢাকার সবুজবাগ এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় এক গৃহকর্মী ও সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত
বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রাতে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হাওলাদার (৫৫) ও তার স্ত্রী রেহানা আক্তার মুন্নি (৪৮)। পুলিশ পিকআপসহ চালককে আটক করেছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. হাসানুর রহমান জানান, বাগেরহাটের মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। রেহানা আক্তার ঘটনাস্থলেই মারা যান। জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কিছুক্ষণ পরে তিনিও মারা যান।
এসআই হাসানুর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালক চান্দু মিঞাকে (৩৭) আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে বাসচাপায় নিহত মাদ্রাসাছাত্রের নাম মো. আদিব হোসেন। আদিব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের মৃত সায়েম মাহমুদের ছেলে এবং নগরীর হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার আরবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামি একাডেমির হেফজখানা বিভাগের শিক্ষার্থী ছিল।
আদিবের চাচা ও মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শাহজালাল দেশ রূপান্তরকে বলেন, গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি চন্দনাইশ গিয়েছিলাম। সেখান থেকে আদিবকে নিয়ে মাদ্রাসায় ফিরছিলাম। শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় একটি মিনিবাস আদিবকে চাপা দেয়। আহত আদিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সীতাকুণ্ডে লরির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোর নিহত হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, নিহত কিশোরের নাম মো. সাকিব (১৫)। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো গেট এলাকায় চট্টগ্রামমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব এলাকার মো. আবু মুসার ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ৪টা ১৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তালখড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম গোলাম রাব্বানী। সে রহনপুর কাজিগ্রামের কবির আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার জানান, সকালে রহনপুর থেকে একটি ইটবোঝাই ট্রলি কাজিগ্রাম যাওয়ার পথে তালখড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা শ্রমিক গোলাম রাব্বানী ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছে।
এদিকে ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল ভোরে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সোহেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত সোহেলার ভাগনি আনোয়ারা আক্তার জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামে বাড়ি সোহেলার। সিদ্ধেশ্বরী এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। স্বামী সাইফুল ইসলামকে নিয়ে মাদারটেকের আনোয়ারাদের পাশেই একটি বাসায় থাকতেন। শনিবার ভোরে সেখান থেকে সিদ্ধেশ্বরী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
এদিকে গত শুক্রবার রাতে খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর রোডে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসরিন আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী শিপন।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নাসরিন। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।