গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলার বামনদহ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বামনদহ এলাকার মহাদেব সরকারের বড় ছেলে গণেশ চন্দ্র সরকার (৪৫), ছোট ছেলে মরণ চন্দ্র সরকার (৪০) ও ছোট ছেলের বউ অনিতা সরকার (৩৫)।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মহাদেব সরকারের সঙ্গে তার ছোট ভাই সহদেব সরকারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৬ মার্চ রাতে মহাদেবের ছেলে গণেশকে সহদেবের লোকজন মারধর করে। ওই ঘটনায় গণেশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। গতকাল সকালে সহদেব ও তার ছেলে বিশ^নাথ সরকার, কৃষ্ণ সরকারসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দা, লাঠিসোঁটা নিয়ে গণেশের ওপর হামলা করে। গণেশকে বাঁচাতে ছোট ভাই মরণ চন্দ্র ও তার বউ অনিতা সরকার এগিয়ে গেলে হামলাকারীরা তাদের তিনজনকেই পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীসহ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন আহত গণেশ।
গণেশ ও তার ছোট ভাই মরণ বলেন, ‘অভিযোগের পর পুলিশ ব্যবস্থা নিলে আমাদের ওপর হামলা হতো না।’
বিশ^নাথ সরকার বলেন, ‘ওরাই উল্টো আমাদের জমি দখল করতে চায়। এ নিয়ে বিরোধে তারাই আমাদের মারধর করেছে। আমার বাবা ও আমিও হাসপাতালে ভর্তি আছি।’
কালিয়াকৈর থানার এসআই হাফিজুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধের ঘটনায় অভিযোগ হয়েছে। আমার গাফিলতির কারণে মারামারি হয়ে থাকলে হয়েছে। এখানে আমি কী করব?’