সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, তিতাস পাড়ের সন্তান, আবৃত্তিশিল্পী হাসান আরিফের প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
কণ্ঠশিল্পী ফারদিয়া আশরাফী নাওমী ও রিয়া রায়ের দ্বৈতকণ্ঠে 'তুমি রবে নীরবে' রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী সোহেল আহাদের সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সদস্যসচিব সঞ্জিব ভট্টাচার্য।
শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সহসভাপতি ডা. অরুনাভ পোদ্দার, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, নতুন মাত্রা সভাপতি আল-আমিন শাহীন, সাংবাদিক আবদুল মতিন শানু, নোঙর সভাপতি শামীম আহমেদ, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান ভূঞা শিপু, সংস্কৃতিকর্মী বিশ্বজিৎ পাল বাবু, নাট্যশিল্পী আবুল খায়ের।
এ সময় সদ্যপ্রয়াত হাসান আরিফের নির্দেশনায় বৃন্দ প্রযোজনা 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' এর অংশ বিশেষ উপস্থাপন করে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা।
অন্যদিকে হাসান আরিফের প্রয়াণে তিন দিনের শোক কর্মসূচি শুরু করেছে তিতাস আবৃত্তি সংগঠন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ কর্মসূচি শুরু হয়।
প্রথম দিনের কর্মসূচির মধ্যে আবৃত্তি প্রশিক্ষণার্থীদের মধ্যে কালোব্যাজ ধারণ, সংগঠন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে শোকের ফেস্টুন টানানো। এ সময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস, সুজন সরকার, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সহসভাপতি হৃদয় কামাল, শিপনুর রহমান, যুগ্ম-সম্পাদক সোহাগ রায়, সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের কর্মসূচি হিসাবে শুক্রবার সকাল ১১টায় শোক মিছিল অনুষ্ঠিত হবে।