ব্রাহ্মণবাড়িয়ায় হাসান আরিফ স্মরণে শোক মিছিল

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক মিছিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর আধুনিক মার্কেট সড়ক, জেলা সদর হাসপাতাল সড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, হাসান আরিফ আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে সাহসী কণ্ঠস্বর ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে থাকাই হবে হাসান আরিফকে শ্রদ্ধা জানানো।

নতুন প্রজন্মের সংস্কৃতিকর্মীদের হাসান আরিফের জীবন ও সংগ্রামশীলতা থেকে শিক্ষা নিয়ে শিল্পচর্চা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তারা।

এ সময় তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, কবি আবদুল মান্নান সরকার, নারীনেত্রী নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ডায়াবেটিক সমিতির সভাপতি এড.তাসলিমা সুলতানা নিশাত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সিটি কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল, উদীচী সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবি শৌমিক সাত্তার, সমীর চক্রবর্তী, সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির।

উল্লেখ্য গত ১ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও তিতাস পাড়ের সন্তান হাসান আরিফ।