মাটি খুঁড়ে মিলল ২০০ বছরের প্রাচীন মূর্তি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ি তৈরির ভিত খননের সময় বেরিয়ে এসেছে প্রায় ২০০ বছরের প্রাচীন নন্দীমূর্তি। পাথরের তৈরি এ মূর্তি সনাতন ধর্মাবলম্বীদের দেবতা মহাদেব শিবের বাহন হিসেবে পরিচিত। উদ্ধার করা মূর্তির ওজন প্রায় পাঁচ মণ বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত শ্রমিকরা।

গত বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়ায় বাড়ি নির্মাণের জন্য ভিত খননের সময় মূর্তিটি উদ্ধার হয়।

সাজাপুর উত্তরপাড়ার বাসিন্দা শাহীন আলম জানান, ওই গ্রামের কৃষক বকুল মিয়ার (৫৫) বাড়ি নির্মাণের জন্য খননকাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রমিকরা মাটির নিচে শক্ত কিছু একটার অস্তিত্ব টের পান। তারা সতর্কতার সঙ্গে মাটি সরিয়ে প্রায় ৪ ফুট নিচে একটি নন্দীমূর্তি দেখতে পান।

ইউএনও আসিফ আহমেদ বলেন, ‘মূর্তিটি কিসের তৈরি এবং সেটির প্রত্নতাত্ত্বিক কোনো গুরুত্ব রয়েছে কি না সেটি দেখার জন্য শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগকে মূর্তি উদ্ধারের বিষয়টি অবহিত করা হয়েছে। তারা এটি মহাস্থান জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।’

মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা বলেন, ‘উদ্ধার হওয়া নন্দীমূর্তির ছবিটি দেখেছি। উদ্ধারকালে এটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পাথরের তৈরি। ধারণা করা হচ্ছে এটি অষ্টাদশ শতাব্দীর। যেহেতু মূর্তিটি কয়েক শতাব্দীর প্রাচীন, তাই প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে তা প্রত্নতত্ত্ব বিভাগে নেওয়া হবে।’