ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ায় একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। এর আগে ইউক্রেনকে সোভিয়েত আমলের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। তিনি বলেন, রুশ আগ্রাসন মোকাবিলা তথা আত্মরক্ষার জন্য কিয়েভের অনুরোধে এগুলো দান করা হয়েছে। এর বদলে ন্যাটো মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সরঞ্জাম পাবে তার দেশ। স্লোভাকিয়া ইউক্রেনকে তার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দানের ঘোষণা দেওয়ার পরই দেশটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে এটি অপারেট করার জন্য দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদেরও পাঠানোর ঘোষণা দেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি স্লোভাকিয়ায় পৌঁছাবে বলেও জানান লয়েড অস্টিন।