ফখরুল বললেন

বিচার বিভাগ স্বাধীন নয়, জোবাইদার ঘটনায় তা প্রমাণিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দেশের বিচার বিভাগ স্বাধীন নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের মামলা চলমান রাখার যে সিদ্ধান্ত আদালত দিয়েছে তাতে বিষয়টি স্পষ্ট হচ্ছে।’

গতকাল শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে একটা ছদ্মবেশী একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সে জন্যই তারা একে একে সমস্ত স্বাধীন প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। সবার আগে তারা হাত দিয়েছে বিচার বিভাগে। বিচার বিভাগ দলীয়করণে কারণে সারাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আদালতে ন্যায়বিচার পাচ্ছে না।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘অতি সম্প্রতি আপনারা দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান যিনি রাজনীতির সঙ্গে কখনই সম্পৃক্ত ছিলেন না, তার বিরুদ্ধেও দুদক একটা মিথ্যা মামলা দিয়ে মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ, আমরা মনে করি এটা শুধু বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, আহমেদ আজম খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, অধ্যাপক শাহিদা রফিক, তাহসিনা রুশদীর লুনা, শ্যামা ওবায়েদ, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, আফরোজা আব্বাস, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে সদ্য কারামুক্ত ইশরাক হোসেন, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়াসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ও মহানগর নেতারা ছিলেন।