চট্টগ্রামের জব্বারের বলীখেলা নিয়ে সিদ্ধান্ত আজ

চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। এ নিয়ে আজ শনিবার বেলা ১১টায় মেলা কমিটির সঙ্গে বৈঠক ডেকেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বৈঠক শেষে বলীখেলা ও বৈশাখী মেলার বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

১৯০৯ সাল থেকে প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আবদুল জব্বারের বলীখেলা হয়ে আসছে। এ উপলক্ষে লালদীঘি মাঠ ও আশপাশে প্রায় চার বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। করোনার কারণে ২০২০ সালে বলীখেলার ধারাবাহিকতায় ছন্দপতন ঘটে। একই কারণে ২০২১ সালেও অনুষ্ঠিত হয়নি।

লালদীঘি মাঠে ঐতিহাসিক ছয় দফার স্মৃতি সংরক্ষণে ‘নগরীর লালদীঘি মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন’ শীর্ষক প্রকল্পের কাজ চলমান থাকায় চলতি বছরও ঐতিহ্যবাহী এই বলীখেলা ও বৈশাখী মেলা আয়োজন অনিশ্চয়তার মধ্যে পড়ে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে এবার মাঠের অভাবে জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা হবে না বলে জানায় আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি।

এরপর থেকে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলীখেলা ও মেলা আয়োজনের বিষয়ে তার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে মেলা কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেনসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন মেয়র। বৈঠকে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে লালদীঘি মাঠের বিকল্প হিসেবে আশপাশে কোন স্থানে বলীখেলা ও মেলা আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বলীখেলা ও মেলা আয়োজনের বিষয়ে মেয়র তার ইতিবাচক মনোভাবের কথা আমাদের জানিয়েছেন। শনিবার (আজ) বেলা ১১টায় পুরো কমিটির সঙ্গে বৈঠক শেষে মেয়র সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানাবেন।