ছুটির দিনে আবাসিক মাদ্রাসা থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল মাদ্রাসা শিক্ষার্থী রাকিব হাসান (১৫)। তবে বাড়ির ফেরা হয়নি তার। পথে লরিচাপায় ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কের পুখুরিয়া গ্রামের বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মার্কেট এলাকার ইমাম হাফসা হাফিজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মাদ্রাসা থেকে অনুমতি নিয়ে বাইসাইকেল চালিয়ে ভালুকা বাড়ি ফিরছিল রাকিব। পথে গফরগাঁও টু ভালুকা সড়কে পুখুরিয়া গ্রামের বাইপাস মোড় এলাকায় পৌঁছার পর প্রথমে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে ও পরে বিপরীত দিক থেকে আসা একটি লরি চাপা দেয় তাকে। স্থানীয়রা লরিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও লরিটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাদারীপুরে সড়কের কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি ভ্যান উল্টে খাদে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। রাজধানীর উত্তর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভ্যান উল্টে দুই স্কুলছাত্র নিহত : মাদারীপুরে সড়কের কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি ভ্যান উল্টে খাদে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা হলো, রমজান হোসেন (১১) ও রিফাত (১২)। তারা পরস্পরের বন্ধু ও মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত বুধবার রাত ১০টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেললার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রমজান হোসেন উপজেলার চরদৌলতখান এলাকার জামাল হোসেনের ছেলে ও মো. রিফাত উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দিন তিন বন্ধু প্রাইভেট পড়া শেষে একইসঙ্গে একটি ভ্যানযোগে বাড়ি থেকে ঘুরতে বের হয়। এসময় ভ্যানটি ভবানীপুর প্রধান সড়কে পৌঁছলে তাদের সামনে দিয়ে দুটি কুকুর হঠাৎ করে দৌড় দিয়ে ভ্যানের সামনে এসে ধাক্কা লাগে। এতে করে ওই চলন্ত ভ্যানটি উল্টে খাদে পড়ে গিয়ে তিন বন্ধুই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান ও রিফাতকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত ইব্রাহীমকে হাসপাতালে ভর্তি করা হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বর্ণালী রায় বলেন, ‘আমাদের হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বাড্ডায় মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ : রাজধানীর উত্তর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর বাড্ডা ইবনে সিনা হাসপাতালের সামনের এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন নামে এক যুবক উত্তর বাড্ডা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তখন ওই মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ওই যুবকই তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। ইমন নামের ওই যুবককে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
লোহাগাড়ায় কাভার্ড ভ্যান-ট্রাক সংঘর্ষ নিহত ২ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনপুকুর এলাকায় কাভার্ড ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার আছহাব মিয়ার ছেলে ট্রাকচালক কফিল উদ্দিন (২৫) ও আধুনগর ইউনিয়নের পেঠানেরপাড়ার মো. হারুনের ছেলে মো. চালক মাহফুজ (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ড ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ঘটনাস্থলে প্রাণ হারান এবং আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। গাড়ি দুটি জব্দ করা হলেও চালক পলাতক। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।