রাশিয়ার সতর্কতা

ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে পরিণতি হবে ভয়াবহ

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে বারবার সতর্ক করে আসছে রাশিয়া। এরই অংশ হিসেবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ন্যাটোতে যোগ দেওয়ার পরিণতি বোঝা উচিত ফিনল্যান্ড ও সুইডেনের। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যোগদানের বিষয়টি সুইডেন এবং ফিনল্যান্ডের ওপর নির্ভর করবে। তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার স্থাপত্যের জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত তাদের।

মারিয়া জাখারোভার এমন মন্তব্যের এক দিন আগেই এ দুই দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র। গত বৃহস্পতিবার তিনি বলেন, দেশ দুটি যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তাহলে রাশিয়াকে ওই অঞ্চলে প্রতিরক্ষা জোরদার করতে হবে। এর মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনও থাকবে।

রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত থাকা ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগদানের বিষয়টি বিবেচনা করছে। গত বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছেন, এই বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।