ফখরুল বললেন

নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ধরনা লজ্জাজনক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য লজ্জাজনক।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির উদ্যোগে পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু যখন রোহিঙ্গা ইস্যুতে তাদের কথা বলা প্রয়োজন ছিল তখন কথা বলেনি বর্তমান সরকার। একদলীয় শাসন কায়েম করছে তারা।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার বর্বরভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ভয়াবহ দানব সরকারকে প্রতিরোধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে সরানো সবার আগে প্রয়োজন।’

পেশাজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্র ক্ষমতা দখলের মতো একই কায়দায় জোর করে আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। পেশাজীবীদের প্রতিবাদ করা দরকার। আইনজীবীদের উচিত ছিল প্রতিবাদ করা। প্রধান বিচারপতির কাছে বিচার চাওয়া।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিউমার্কেটে দুজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে, এ অপকর্ম করেছে ছাত্রলীগ। কিন্তু বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে তারা। অথচ যারা জড়িত মিডিয়ায় তাদের ছবি চিহ্নিত হয়েছে। আজ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এত দিন তারা বিএনপি নেতা মকবুলের নামে মামলা দিয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞার পর নিজেদের রক্ষা করতে এখন ভারতের কাছে ধরনা দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার আমেরিকা সফরে গিয়ে যা বলেছেন তা দেশের জন্য লজ্জাজনক।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, প্রফেসর দিলারা চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।