নাটোরের বাগাতিপাড়ার বিভিন্ন দোকানে বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা তেল হিসেবে ২১০ টাকা কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা দাম ১৬০ টাকা। আর খোলা এক কেজি সয়াবিন তেল ২১০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত তেলের বোতলে খুচরা মূল্য লেখা থাকায় বেশি দামে বিক্রি করতে সমস্যায় পড়তে হয় তাদের। ফলে দোকানিরা ওইসব বোতলজাত তেল খুলে খোলা তেল হিসেবে বিক্রি করছেন।
তমালতলা এলাকার কলেজশিক্ষক মাহাবুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষের পাশাপাশি আজ সরকারও যেন অসহায় হয়ে পড়েছে। তাদের ইচ্ছামতো দাম বৃদ্ধিসহ যখন যা খুশি তাই করছেন। এ অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন।’
মালঞ্চি বাজারের মুদিদোকানি রাশেদুল কবির বলেন, ‘কোম্পানি ও পাইকারি বাজারের কোথাও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তাই খোলা সয়াবিন তেল ২০০ টাকায় পাইকারি কিনে ২১০ টাকা কেজি দরে বিক্রি করছি। অনেক দোকানদার বোতলের তেল ভেঙে খোলা তেল হিসেবে বিক্রি করছেন।’
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল বলেন, ‘বিষয়টি জানতাম না। বাজার কমিটিগুলোর সঙ্গে কথা বলে এ বিষয়ে কী করা যায় দেখছি।’