‘প্রাঙ্গণেমোর’র দুই দশক পূর্তি, ‘হাছনজানের রাজা’ মঞ্চস্থ

প্রতিষ্ঠার দুই দশক উদ্‌যাপন উপলক্ষে দুই ধাপে চার দিনের অনুষ্ঠান আয়োজন করেছে নাটকের দল প্রাঙ্গণেমোর।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের অনুষ্ঠান হয়।

এদিন প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করে দর্শক নন্দিত নাট্য প্রযোজনা ‘হাছনজানের রাজা’।

মরমি গীতিকবি হাছন রাজাকে নিয়ে ‘হাছনজানের রাজা’ নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এই নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সংগীত পরামর্শক সংগীতশিল্পী সেলিম চৌধুরী এবং সংগীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু। আলোক পরামর্শক ঠান্ডু রায়হান। পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে কবির জন্মজয়ন্তীর আগের দিন আজ শনিবার একই মিলনায়তনে দলটি মঞ্চায়ন করবে নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। আগামী ১৩ মে শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটক ‘আওরঙ্গজেব’ ও পরের দিন শনিবার একই মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটক ‘কনডেমড সেল’।