জগদ্বিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালির জন্মদিন আজ। ১৯০৪ সালের এই দিনে তিনি স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মগ্রহণ করেন। পুরো নাম সালভাদর দোমিঙ্গো ফেলিপ জ্যাকিন্তো দালি-ই দোমেনেক। অনবদ্য কল্পনাশক্তিতে প্রকৃতির সবকিছুর মধ্যে মানবসত্তা ফুটিয়ে তোলার জন্য তার শিল্পকর্মগুলো ভিন্নতা পেয়েছে। বাবার সাহচর্যে দালি শিল্পচর্চা শুরু করেন।
১৯১৬ সালে তিনি প্রথম ড্রয়িং স্কুলে ভর্তি হন। ১৯২২ সালে দালি মাদ্রিদের রেসিডেন্স দ্য স্টুডেন্টের ফাইন আর্টস বিভাগে যোগ দেন। এখানেই তার পরিচয় ঘটে স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা ও চলচ্চিত্রকার লুই বুনুয়েলের সঙ্গে। দালি-বুনুয়েল দুজন মিলে তৈরি করেন দুটি সুররিয়ালিস্ট চলচ্চিত্র। ১৯২৫ সালে দালির প্রথম একক চিত্র প্রদর্শনী হয় বার্সেলোনায়। সেখান থেকেই শুরু সাফল্যের যাত্রা। পরে প্যারিসে গিয়ে তিনি দাদাইজম ও সুররিয়ালিস্ট ধারার কাজের সঙ্গে পরিচিত হন। এ সময় পাবলো পিকাসোর কাজ দ্বারাও প্রভাবিত হন দালি।
জলরং, তেল রং, ড্রয়িং, লিথোগ্রাম, কোলাজ, কাচ ও ক্রিস্টাল পাথর প্রভৃতি মাধ্যমে তিনি কাজ করেছেন। স্বপ্ন, কল্পনা, নির্মোহ বাস্তবতা ও মানুষের মনোজগৎ বিশ্লেষণে দালির ছবি আজও জগদ্বিখ্যাত। দালির ছবিতে বিশেষ কিছু প্রাণী বা বস্তু লক্ষণীয়। তার নবিলিটি অব টাইম, প্রোফাইল অব টাইম, পারসিসট্যান্স অব মেমোরিকে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য সুররিয়ালিস্ট ছবির তালিকায় রাখা হয়।
‘দ্য পারসিসট্যান্স অব মেমোরি’ তিনি আঁকেন ১৯৩১ সালে। দালির জীবনে তার স্ত্রী গালার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দালি মাত্র ৩৭ বছর বয়সে তার আত্মজীবনী লেখেন। ১৯৮৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দালি হাসপাতালে ভর্তি হন। ১৯৮৯ সালের ২৩ জানুয়ারি এই মহান শিল্পী মারা যান।