দীর্ঘ ১৯ বছর পর সম্মেলনের মাধ্যমে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সভাপতি ও নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।