কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র পাচারকালে এক সরবরাহকারীকে একটি ওয়ান শুটার গান (এলজি) বন্দুকসহ আটক করেছে মহেশখালী থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
রবিবার রাত দুইটায় উপজেলার কুতুবজোমের সাহেব মিয়া পাড়ার মোহাম্মদ সফির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. নাছির (৩০) পূর্ব পাড়ার মৃত পুতু মিয়ার ছেলে। এ সময় অপর এক সহযোগী পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার গোরকঘাটার রিয়াজ নামে এক ব্যক্তির কাছে অস্ত্র পৌঁছে দিতে গভীর রাতে রওনা দেন নাছির ও হাবিব। পথেই পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব পালিয়ে গেলেও অস্ত্রসহ নাছির আটক হন। তাকে জিজ্ঞাসাবাদ করতে মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গোরকঘাটায় জনৈক রিয়াজ নামে এক ব্যক্তির কাছে অস্ত্রটি সরবরাহ করার জন্য নিচ্ছিলেন বলে জানান।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তি এবং তার সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।