চিত্রশিল্পী সফিউদ্দিনের মৃত্যুাবার্ষিকী আজ

প্রখ্যাত চিত্রশিল্পী সফিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়। তবে ছাপচিত্রের পাশাপাশি তিনি জলরঙ এবং তেলরঙের কাজেও দক্ষতা দেখিয়েছেন।

সফিউদ্দিন আহমেদের শিল্পকর্মে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র ফুটে উঠেছে। ১৯৪৫ সালে কলকাতা একাডেমি অব ফাইন আর্ট থেকে একাডেমি প্রেসিডেন্ট পদক, বাংলাদেশ সরকারের একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারসহ আরও অনেক পুরস্কার অর্জন করেন এ শিল্পী।
 
সফিউদ্দিনের জন্ম ১৯২২ সালে কলকাতায়। ১৯৪৭ সালে দেশ ভাগের পর কলকাতা থেকে ঢাকায় চলে আসেন তিনি। তার আঁকা ছবিতে এসেছে মহানগরের বস্তিজীবন, বিহারের বিভিন্ন অঞ্চলের নিসর্গ, দুমকার প্রকৃতি ও সাঁওতাল-জীবন এবং ঢাকায় আঁকা ছবিতে বিষয়বস্তু হিসেবে এসেছে বন্যা, জাল, মাছ, নৌকা, ঝড় প্রভৃতি প্রাকৃতিক উপাদানের পাশাপাশি নানা শ্রমজীবী মানুষ। 

তিনি শিল্পী জয়নুল আবেদীনের সঙ্গে ও অন্য শিল্পীরা মিলে একসঙ্গে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা চারুকলা ইনস্টিটিউট নামে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ১৯৪৮ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত।