কাজী হায়াতকে আজীবন সম্মাননা দিচ্ছে জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব

প্রথম আসরে আজীবন সম্মাননার জন্য নির্মাতা কাজী হায়াতকে বেছে নিয়েছে জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব।

এ ঘোষণায় আয়োজকেরা বলছেন, আগামী ১০-১২ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০২২’ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম এই পরিচালক।  গুণী এই নির্মাতাকে সম্মান জানাতে পেরে পেরে আমরা গর্বিত।

ঘোষণায় তুলে ধরা হয়েছে কাজী হায়াতের জীবন ও কর্মের এক ঝলক।

সেখানে বলা হয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কাজী হায়াৎ একটি অনন্য নাম, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের জন্ম ১৯৪৭ সালের ১৫ ফেব্রুয়ারি, গোপালগঞ্জে। পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মধ্য দিয়ে ১৯৭৪ সালে তার চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ।

কাজী হায়াৎ তার চলচ্চিত্র জীবনে আন্তর্জাতিক, জাতীয় ও অন্যান্য চলচ্চিত্র পুরস্কারসহ সর্বমোট ৭৩টি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ‘দাঙ্গা’ চলচ্চিত্রের জন্য আফ্রো-এশিয়ো সরিডরি কমিটি অ্যাওয়ার্ড কর্তৃক প্রদেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণে বিভিন্ন শাখায় কাজের জন্য তিনি চারটি ভিন্ন ভিন্ন বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং  তিনটি বাচসাস পুরস্কার লাভ করেন।

আরও বলা হয়, তিনি মনে করেন ছবিতে দর্শকদের প্রতি একটা অঙ্গীকার থাকা উচিত, সাধারণ মানুষকে বিনোদনের বাইরে বাড়তি কিছু দেয়া উচিত। তার চলচ্চিত্র একইসঙ্গে রাজনৈতিক এবং সামাজিক অসংগতির বিরুদ্ধে কথা বলে, বর্তমানে যা প্রায় দুঃসাহসিক। মূলধারার বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে বার্তা পৌঁছে দেবার মতো কাজটিও করেছেন তিনি।