সুষ্ঠু নির্বাচন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ তথ্যমন্ত্রীর

‘কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু নির্বাচন করেছে উল্লেখ করে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এর আগে তিনি বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কুমিল্লার জনগণকে অভিনন্দন জানাই এজন্য যে, দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের দলীয় মেয়র জয় লাভ করেছে। নির্বাচনের সঙ্গে আমাদের দলের যারা সংশ্লিষ্ট ছিল তাদেরও ধন্যবাদ জানাই। সেখানে যারা প্রার্থী ছিল সবাই বলেছে এটি একটি স্বচ্ছ, ভালো, অংশগ্রহণমূলক নির্বাচন, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যদিওবা নির্বাচন কমিশন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় আমাদের দলীয় প্রার্থী এবং সমর্থকদের ওপর নজরদারিটা অন্য প্রার্থীর তুলনায় বেশি করেছে।’

কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘পরাজিত প্রার্থী অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আসলে মেনে নেওয়া কঠিন হয়, সেজন্য তিনি আদালতে যাওয়ার কথা বলেছেন। তবে আমরা আশা করেছিলাম আমাদের প্রার্থী আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে।’

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘এই নির্বাচন সুষ্ঠু নয়’Ñএর জবাবে মন্ত্রী বলেন, ‘প্রথমত যখন কেউ কানা হয় তাকে তো আপনি চাইলেই দেখাতে পারবেন না। চোখ থাকতেও যারা অন্ধ তাদের কোনোভাবেই দেখাতে পারবেন না। যারা নির্বাচন করেছে, নির্বাচনের সাথে ছিল, সেখানকার ভোটার, প্রার্থী সাক্কু সাহেবসহ সবাই বলছে নির্বাচন খুব ভালো হয়েছে। ফলে ফখরুল সাহেব ঠাকুরগাঁওয়ে বসে কী বললেন, তা গুরুত্বহীন হয়ে পড়ে, কিছু আসে যায় না।’

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি মোতাহার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান প্রমুখ।