নারায়ণগঞ্জে জিএম কাদের

আমরা কোনো দলের লেজুড়বৃত্তি করব না

প্রায় দুই যুগ পর গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন। বন্দরের সমরক্ষেত্র’৭১ মাঠে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনে ঘোষণা করা হয় নতুন কমিটি।

এতে সানাউল্লাহ সানুকে সভাপতি ও আবু নাইম ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির এবং মোদাসেরুল হক দুলালকে সভাপতি ও কাউন্সিলর আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা সরকারি দলের সঙ্গে নেই, বিপক্ষ দলেও নেই।  আমরা কোনো দলের লেজুড়বৃত্তি করব না। যে দেশের জন্য ভালো কাজ করবে জনগণের পক্ষে যারা রাজনীতি করবে আমরা তার সঙ্গে থাকব। 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি,  প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান এমপি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।