চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক রমজান আলী (৩৭) খুনের প্রধান আসামি শহীদুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) আবুল কালাম শাহিদ।
গতকাল রবিবার বেলা ২টায় সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। আবুল কালাম শাহিদ বলেন, গ্রেপ্তারের পর শহীদুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত নির্বাচনকে কেন্দ্র করেই রমজানকে খুন করা হয়েছে। সংবাদ সম্মেলনে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী ও কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেলে রমজান খুনের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই মো. আলমগীর।