রাজধানীর নিকেতনের একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে মাসরুর আহমেদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার ভোরে নিকেতনের ইসলাম ম্যানসন নামের ওই ভবনের ছয় তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের খালু আতিকুর রহমান জানান, মাসরুর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেছে। তার গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। ৩-৪ দিন আগে গ্রাম থেকে সে বিশ্ববিদ্যালয়ের কাজে নিকেতনে বোনের বাসাতে আসে। তবে বোনের পরিবারের সবাই গ্রামে ছিল।
তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, রবিবার সকালে খবর পেয়ে নিকেতন ইসলাম ম্যানসনের ছয় তলায় গিয়ে রুমের ভেতর অচেতন অবস্থায় ওই যুবককে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বাসার ভেতরে তিনি একাই ছিলেন। বিস্ফোরণে রুমের এসি পুড়ে গেছে। তাকে উদ্ধার করার সময় রুম থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল।
পুলিশ জানায়, মাসরুরের বাবার নাম আব্দুল্লাহ আল নকিব। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।