চাঁদা না দেওয়ায় মারধর

সিদ্ধিরগঞ্জে চারজনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে লেগুনা গাড়ি ভাঙচুর, চালক ও মালিককে মারধর করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় পঙ্গুত্ব বরণকারী সম্রাট আকবর সবুজ বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি করেন। মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ বাগানবাড়ী এলাকার মো. নূরউদ্দিন মুন্সির ছেলে আতিকুর রহমান ওরফে টেম্পো আতিক (৪৫)। মামলায় শাহজাহান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাদী সম্রাট আকবর যাত্রাবাড়ীর মাতুয়াইল নিমতলা মাদ্রাসা এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে, গ্রেনেড হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করার পর জীবিকার তাগিদে বিভিন্ন লোকজনের সাহায্য-সহযোগিতায় একটি লেগুনা কেনেন বাদী। গাড়িটি সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ভাড়ায় চলে। এককালীন ১০ হাজার ও দৈনিক ১ হাজার টাকা চাঁদার দাবিতে গত ২৮ জুন দুপুরে গাড়িটি আটকে রাখে আতিকুর রহমান। খবর পেয়ে বাদী ঘটনাস্থলে এসে চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা লেগুনাটি ভাঙচুর করে। বাধা দিলে তারা বাদীকে কিল-ঘুষি মারে এবং আতিক তার পেটের ওপর বসে প্লাস দিয়ে মুখের দাঁত তুলে ফেলার চেষ্টা করে। এ সময় গাড়িচালক আলাউদ্দিন বাদীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে চড়-থাপ্পড়, ও কিল, ঘুষি মেরে আহত করে। পরে অটোচালক নুর আলম আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন বলেন, ‘একজন আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’