মোবাইল ফোন কেনাবেচা নিয়ে সংঘর্ষে নিহত ১

মোবাইল ফোন কেনাবেচা নিয়ে তর্কের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (৩৫)। তিনি আলমপুর গ্রামের আমির হামজার ছেলে।

গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলার আলমপুরে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার গ্রামের রিপন মিয়া ও সোহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে মোবাইল ফোন কেনাবেচা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন দুই যুবককে শান্ত করেন। গতকাল বিকেলে ওই বিষয়টি নিয়ে আবারও দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানার পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের চিকিৎসক এসএম শরীফুল কবির জানান, বুকে আঘাতের কারণে মামুনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। বুকে টেঁটাবিদ্ধ অবস্থায় তাকে সিলেটে পাঠানো হয়েছে।