ফরিদপুরের আলফাডাঙ্গা উপজলার বুড়াইচ ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য (৩৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার পাত্রী দেখে ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় গত রবিবার রাতে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আলফাডাঙ্গা বুড়াইচ ইউনিয়নের ওই নারী সদস্য পাশর্^বর্তী বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে পাত্রী দেখতে আসেন। পাত্রী দেখা শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে অমৃতনগর বটতলা নামক স্থানে এলে কয়েকজন বখাটে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরের দিন রবিবার সকালে থানায় গিয়ে মামলা করেন তিনি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই নারী মেম্বার বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গেই মূল হোতা মাহাবুব আলমকে (৩০) আটক করা হয়। এ ছাড়া অন্যদেরও আটকে অভিযান চালানো হচ্ছে। নারী মেম্বারকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, ‘এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি খুব দ্রুত আমরা সব আসামিকে আইনের আওতায় আনতে পারব।’