জেমকন সাহিত্য পুরস্কার পেলেন আফসানা, মারুফা, দিপন

জেমকন সাহিত্য পুরস্কার-২০২১ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম, তরুণ কথাসাহিত্যিক সঞ্জয় পাল, কবি মারুফা মিতা ও দিপন দেবনাথ। 

মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ।

জেমকন সাহিত্য পুরস্কার ক্যাটাগরিতে কথাসাহিত্যিক আফসানা বেগমকে 'কোলাহল থামার পরে' উপন্যাসের জন্য ৫ লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা; জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ক্যাটাগরিতে কথাসাহিত্যিক সঞ্জয় পালকে 'দ্বীপরাজ' উপন্যাসের পাণ্ডুলিপির জন্য ১ লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা এবং জেমকন তরুণ কবিতা পুরস্কার ক্যাটাগরিতে যৌথভাবে মারুফা মিতার কবিতার পাণ্ডুলিপি 'বোতামঘর' ও দিপন দেবনাথের 'আদি ফসিলের গান'র জন্য উভয়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে ২০২০ সালের জেমকন সাহিত্য পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিকদের হাতেও ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। 

পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসরুর আরেফিন, জব্বার আল নাঈম, ধ্রুপদী রিপন, কবি হাসনাইন হীরা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেমকন গ্রুপের ভাইস-চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

তিনি বলেন, আমাদের জেমকন গ্রুপের সহযোগী সংগঠন সাপ্তাহিক খবরের কাগজ এবং দৈনিক আজকের কাগজের নামেই ২০০০ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এই পুরস্কারের নাম ছিলো কাগজ পুরস্কার। 

আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্যয বলেন, যারা আজ পুরস্কার পেলেন কবি হিসেবে, কথাকার হিসেবে, তারা নিজেদের সামনে অতিক্রম যোগ্য ফলক নির্দিষ্ট করে দিলেন। আমরা পাঠকরা এরপর থেকে লক্ষ্য করবো তারা পরবর্তীকালে নিজেদের কীভাবে অতিক্রম করে যাচ্ছে। 

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে কথাসাহিত্যিক আফসানা বেগম বলেন, আমি সমাজের একটা সমস্যাকে কেন্দ্র করে আমার বই লিখেছি। আমাদের সমাজ নারীবান্ধব নয়। বাড়ির ভেতর নারীদের প্রতি যে নির্যাতন হয় সেটি তুলে ধরেছি। এই উপন্যাসের বহুল পাঠের মধ্য দিয়ে এই সমস্যার সমাধানে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে কবি মোহাম্মদ সাদিক, কবি-অধ্যাপক ড. বনানী চক্রবর্তী, কবি নিখিলেশ রায়, কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।