স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড দিয়েছে খুলনার আদালত। এছাড়া হত্যা মামলায় ময়মনসিংহে তিনজন এবং গোপালগঞ্জের আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছে। রাজশাহীর আদালত ডিজিটাল সিকিউরিটি আইনে চট্টগ্রামের তরুণকে দিয়েছে আট বছরের কারাদন্ড। গতকাল মঙ্গলবার দেওয়া হয় এসব রায়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : স্ত্রী ও এক বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে স্বামী মাহাবুবুর মোড়লকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মাহবুবুর মোড়ল ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের সিরাজ মোড়লের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩১ আগস্ট সকালে মাহবুবুর মোড়ল স্ত্রী রেশমা বেগম ও তাদের এক বছরের মেয়েকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।
ময়মনসিংহ : ত্রিশালের কোনাপাড়া গ্রামে ২০১৬ সালে তাইজ উদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমির উদ্দিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া। ২০১৬ সালের ৮ এপ্রিল আসামিরা তাইজ উদ্দিনকে গলা টিপে হত্যা করে কালভার্টের নিচে লাশ গুম করে রাখে।
গোপালগঞ্জ : কৃষক শেখ নুরুল ইসলাম হত্যা মামলায় আবদুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামে জমিজমা নিয়ে কৃষক শেখ নুরুল ইসলামের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হান্নান শেখের বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে হান্নান শেখ ও তার লোকজন নুরুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়।
রাজশাহী : এডিট করা অশালীন ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার মামলায় রাজশাহীর আদালত এক ব্যক্তিকে আট বছর সশ্রম কারাদন্ড ও ৮ লাখ টাকা জরিমানা করেছে। দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান আলাদা দুটি ধারায় আসামিকে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত শাকিল ম-ল (৩১) চট্টগ্রামের হাটহাজারী থানার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকার বাসিন্দা। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়।