রাশিয়ার এস-৪০০ ক্রয়

ভারতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনায় ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা যাতে না দেওয়া হয় সেই লক্ষ্যে আইনে সংশোধনী আনতে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে একটি প্রস্তাব পাস হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি ডলারে একটি প্রতিরক্ষা চুক্তি করে ভারত। চুক্তির আওতায় নয়াদিল্লিকে পাঁচটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে মস্কো। যদিও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে সতর্ক করে বলেছিল, চুক্তি করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

গতকাল শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের (এনডিএএ) ফ্লোর বিবেচনার সময় একটি এন-ব্লক (একটি একক হিসেবে সব একসঙ্গে) সংশোধনীর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইনের সংশোধনী প্রস্তাবটি পাস হয়েছে।

সংশোধনী প্রস্তাবটি উপস্থাপন করেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না। প্রস্তাবে চীনের মতো আগ্রাসী দেশগুলোকে মোকাবিলায় বাইডেন প্রশাসনের প্রতি ভারতের বিরুদ্ধে কাউন্টার আমেরিকা অ্যাডভার্সারিস থ্রু স্যাংকশনস অ্যাক্টের আওতায় দেওয়া নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, এটি যুক্তরাষ্ট্রের একটি কঠোর আইন। আইনটির আওতায় ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল করা এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে বড় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করে এমন দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কর্র্তৃত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র প্রশাসনকে।