পঞ্চগড় রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে উভয় দিক থেকে কয়েকটি ট্রেনের যাত্রী পড়েছিলেন চরম বিপাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর ৫টায় একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাওয়ার সময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ওই ঘটনার পর থেকে পঞ্চগড়-ঢাকা রেলপথের আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন আটকা পড়ে।
সান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আজম বলেন, সান্তাহার, রানীনগর, আত্রাইসহ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে ছিল। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি বেলা ১১টার দিকে উদ্ধার করে।