চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সফর আলীকে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন ও সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতা সফর আলীকে গত রবিবার ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। পরদিন সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে চলতি বছর ১৩ জুন মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় মিরসরাই উপজেলা ছাত্রলীগ। কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়।