মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন ভূমি অফিসের প্রধান ফটকের সামনেই মাছ বাজারের ময়লা আবর্জনার স্তূপ জমে আছে। এতে দুর্গন্ধে অফিস করাই দুষ্কর হয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের। সেবা নিতে আসা লোকজনকেও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এলাকাবাসী প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, মুন্সীবাজার ইউনিয়ন ভূমি অফিসের সামনেই মাছের বাজার। ভূমি অফিসে প্রবেশের একমাত্র রাস্তাটিও দখল করে রেখেছে দোকানিরা। প্রতিদিন মাছ বাজারের ময়লা আবর্জনা ভূমি অফিসের ফটকের সামনেই ফেলে রাখা হয়। ময়লার বর্জ্যরে দূষিত পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে।
মুন্সীবাজার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নৃত্য গোপাল গোস্বামী বলেন, ‘দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্গন্ধে ঠিকমতো অফিস করাই দুষ্কর হয়ে পড়েছে। বাজার কমিটিকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, ‘মাছ বাজারের কারণে সমস্যা হচ্ছে, তবে বিষয়টি সমাধানে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।’