হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়িত্বে থাকা প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, দুই উড়োজাহাজ তো একা একা ধাক্কা লাগতে পারে না, এখানে তো অনেকেই দায়িত্ব পালন করেন। কেন এটা হলো ওয়ার্কআউট করে (খুঁজে বের করে) প্রত্যেককে কাজের দায়িত্ব নির্দিষ্ট করে দিতে হবে। ওই সময়ে ওই কাজে যারা যুক্ত থাকবে, সবাইকে এটার জন্য দায় বহন করতে হবে।
তিনি বলেন, ‘ধরেন ওইদিন ধাক্কা খেলো। একজন-দুজন তো আর জড়িত না। একজন পুশ করে, একজন পাইলট থাকে বা গার্ড থাকে ও ক্লিয়ারেন্স দেয়, ট্রাফিকে যারা থাকে তাদের সবাইকেই শোকজ করতে বলা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৬ জুন রাত ৯টায় হযরত শাহজালালে বিমানের একটি বোয়িং উড়োজাহাজকে হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময় বাইরে দাঁড়িয়ে থাকা আরেকটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
তাছাড়া গত ১০ এপ্রিল দুপুরে শাহজালালে দুটি উড়োজাহাজে ধাক্কা লাগে। ওই দিনের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়।