গাজীপুরে তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোয়াজের বিন আলম (২৩)। গতকাল সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকার পলাশোনা উত্তরপাড়ার পিবিসি ইট ভাটার পূর্বপাশে তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌফাঁড়ি পুলিশ।
মৃত মোয়াজের বিন আলম রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের এফ ব্লকের বাসিন্দা রেজাউল আলম হিরোর ছেলে। ছেলের লাশ উদ্ধারের ঘটনায় তিনি বাদী হয়ে গাছা থানায় একটি মামলা করেছেন।
ওই মামলার এজাহারে বলা হয়, মোয়াজের বিন আলম গত শনিবার তাদের বসুন্ধরার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হন। এরপর আর ফেরেননি। তার নিখোঁজের ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে গতকাল সকাল ১০টার দিকে পলাশোনা এলাকার তুরাগ নদের পূর্বপাড়ে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছা থানা পুলিশ টঙ্গী নৌপুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌপুলিশের সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর বাবা রেজাউল আলম গিয়ে মোয়াজের লাশ শনাক্ত করেন।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোয়াজের বিন আলম নিখোঁজের পর গত রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ইসলামপুর এলাকায় তুরাগ নদের পাড় থেকে তার গায়ের কাপড় উদ্ধার করা হয়। পরে আজ (গতকাল সোমবার) সকালে পলাশোনা এলাকায় পানিতে ভাসমান অবস্থায় মোয়াজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’