আগস্টের প্রথমে ঢাকায় আসতে চান চীনের পররাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের প্রথম ভাগে ঢাকায় আসতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত রবিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওয়াং ই’র ঢাকা সফর নিয়ে বাংলাদেশও প্রস্তুত। চীনের পক্ষ থেকে আগামী ৫-৬ আগস্ট দুদিনের সফরের কথা বলা হয়। তবে বাংলাদেশ চায় এই সফর দুদিন পিছিয়ে ৭-৮ আগস্ট করা হোক।

চীনের রাষ্ট্রদূতকে অনুরোধ করে বলা হয়, ড. মোমেন আগামী ৪ থেকে ৬ আগস্ট পূর্বনির্ধারিত সময় অনুযায়ী কম্বোডিয়া সফরে থাকবেন। নমপেনে অনুষ্ঠেয় ৫৫তম আসিয়ান ফরেন মিনিস্টার্স মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন তিনি। ৭ আগস্ট পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। তাই ওয়াং ই’র সফর দুদিন পেছাতে বলা হয়েছে। আর যদি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি একই থাকে তাহলে ড. মোমেন তার কম্বোডিয়া সফর সংক্ষিপ্ত করে এক দিন আগেই দেশে ফিরবেন।

জানা গেছে, ওয়াং ই একসঙ্গে এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন। ফলে তার সফরসূচি পেছানোর বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।