আ.লীগের কমিটি গঠন নিয়ে একজনকে কুপিয়ে জখম

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে মো. নুরুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত মঙ্গলবার রাতে ইউনিয়নের বারুয়ামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল মোল্লা ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া এলাকার মৃত জালফাস মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি লক্ষ্মীরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়। আহত নুরুল মোল্লা ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে দাবি করে নুরুল মোল্লাসহ পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এর জেরে মঙ্গলবার রাতে বারুয়ামারী বাজার থেকে বাড়ি ফেরার পথে নুরুল মোল্লার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আক্তারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে পদবঞ্চিতদের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন বাবুল আক্তার।