পশ্চিমবঙ্গ রবীন্দ্রপ্রেমে বাংলাদেশের কাছে গোহারা হেরেছে: তসলিমা

আর কখনো বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সঙ্গীত গাইবেন না এবং অনুমতি ছাড়া পুলিশের পোশাক ব্যবহার করবেন না বলে মুচলেকা দিয়েছেন আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। 

বুধবার তিনি পুলিশের কাছে এমন মুচলেকা দিয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হিরো আলমকে এভাবে রবীন্দ্র সঙ্গীত গাইতে বাধা দেওয়ার বিরোধিতা করছেন অনেকে। সামাজিক যোগযোগ মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তবে ভিন্ন সুরে একে সমর্থন দিয়েছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। 

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি তার মতামত ব্যক্ত করেন। 

তসলিমা লেখেন, 'রবীন্দ্রসঙ্গীতকে কুরুচি আর বিকৃতির হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছে বাংলাদেশ, এগিয়ে আসেনি পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশের হিরো আলমকে পুলিশের কাছে গিয়ে মুচলেকা দিতে হয়েছে  বিকৃত সুরে এবং ভুল উচ্চারণে রবীন্দ্রসঙ্গীত সে আর গাইবে না। কিন্তু পশ্চিমবঙ্গের রোদ্দুর রায়কে এ কারণে পুলিশেরা তলব করেনি, তাকে এ ধরনের কোনও মুচলেকাও দিতে হয়নি। 

এ থেকে কী বোঝা গেল? বোঝা গেল যেমন ইচ্ছে তেমন করে গান গাওয়ার অধিকার পশ্চিমবঙ্গে বেশি, এমনকী রবীন্দ্রসঙ্গীতও রুচিহীন ভাবে গাওয়ার অধিকার মানুষের আছে। কিন্তু বাংলাদেশে বিকৃত সুরে ভুল উচ্চারণে অন্য যে কোনও গান গাওয়ার যে কারও অধিকার থাকুক, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অধিকার নেই। 

লোকে যে যাই বলুক, বাংলাদেশের এই রবীন্দ্রপ্রেম আমার বেশ ভালো লেগেছে। 

পশ্চিমবঙ্গ রবীন্দ্রপ্রেমে সারা বছর হাবুডুবু খেলেও, প্রেমদৌড়ে বাংলাদেশের কাছে এবার গোহারা হেরেছে বটে।'

এর আগে আকে পোস্টে তিনি লেখেন, ''বাংলাদেশকে মাঝে মধ্যেই  আস্ত একটা 'হিরো আলম' বলে মনে হয়।''