ব্রিফিংয়ে কাদের

দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে উন্নয়নবিরোধীরা

যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায়, তারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উন্নয়নবিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান সড়ক পরিবহনমন্ত্রী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সারের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিশে^র অনেক দেশ অসহনীয় এবং আকাশচুম্বী মূল্যস্ফীতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলোতে মূল্যস্ফীতির হারের দিকে তাকালে বিশ্ব অর্থনৈতিক সংকটের তীব্রতা টের পাওয়া যায়।’

বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের ভেতরে অনেকে শুধু মূল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। শেখ হাসিনা সরকারের সতর্কতামূলক উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশের অবস্থাই তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।

দেশে বিদ্যুৎ ও জ্বালানির সংকট চলছে বলে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে করোনা মহামারী-পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের এ সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর জ্বালানি সাপ্লাই চেইন অস্থিতিশীল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ¦ালানির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আমদানিকারক দেশ হিসেবে এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও।