আমার কোনো সম্পত্তি নেই, স্ত্রীর অবসর ভাতায় চলে সংসার: ড. খলীকুজ্জমান

পিকেএসএফের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান বলেছেন, ‘আমার কোনো নিজস্ব সম্পত্তি নেই। আমার স্ত্রী অবসর ভাতা দিয়ে চলে আমার সংসার। টাকা থাকলে তাকে বড়লোক বলা হয়। কিন্তু বড়লোকের অর্থ আমি বুঝি না। ভালো মানুষগুলোর মূল্যায়ন হচ্ছে না’।

তিনি মঙ্গলবার (২ আগস্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা, দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব বলেন।

উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।

কিউকে আহমেদ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের দুযোর্গ ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে অপকার সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফের অতিরিক্ত পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রাগীব ইবনুল আসিফ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের যেকোনো বিষয়ে দক্ষ করে। তবে অশিক্ষিত লোক চুরি করে না। মানি লন্ডারিংয়ে যুক্ত শিক্ষিত ব্যক্তিরা। তাই সবার আগে মানুষ হতে হবে।