ফরিদপুরে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টায় প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা প্রেস ক্লাব। মানববন্ধনে আলফাডাঙ্গা, কাশিয়ানী ও বোয়ালমারী উপজেলার গণমাধ্যমকর্মী এবং যুবকরা অংশ নেন।

মানববন্ধনে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি  কোরবান আলী, কাশিয়ানী প্রেস ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু, সাংবাদিক মুজাহিদের বাবা আবু বকর সিদ্দিক প্রমুখ।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাসস্ট্যান্ডে সাংবাদিক মুজাহিদের ওপর এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার মুজাহিদ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি আলফাডাঙ্গা পৌর মেয়রের ভাই  জাপান মোল্যা (৪৫) এবং উপজেলার বুড়াইচ এলাকার শাহাদাৎ হোসেনের স্ত্রী পারুল বেগম (৫০) নামে এক নারীকে আসামি করা হয়। পারুলকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান  বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।