বিকেলের নাশতা

তেলে ভাজা ঝাল পিঠার রেসিপি দিয়েছেন রোকসানা রিমা

পকেট কুশলি

উপকরণ

ময়দা ১ কাপ, পাতাকপি মিহি কুচি ১ কাপ, মটরশুঁটি ২ টেবিল চামচ, ফুলকপি মিহি কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৩ চা চামচ, লবণ ১ চা চামচ, সয়াবিন তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ময়দায় লবণ আর ২ টেবিল চামচ তেল সামান্য দিয়ে ডো বানিয়ে আধা ঘণ্টা রেখে দিন।

২. পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি মরিচ কুচি বাদামি করে ভেজে টমেটো ছাড়া অন্য সবজি আর লবণ দিয়ে ভেজে কষিয়ে রাখুন।

৩. নামানোর আগে টমেটো দিয়ে নেড়ে নামিয়ে নিন।

৪. এবার ময়দার ডো থেকে বড় বড় লেচি কেটে বেলে রাখুন। রুটির সমান বেলা হলে অর্ধেক রুটিতে সবজি দিয়ে বাকি অর্ধেকটা দিয়ে আটকে দিন। আটকানোর পর কাঁটাচামচ দিয়ে চারদিক গেঁথে দিন ছবির মতো করে।

৫. এখন ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

ঝাল কদম

উপকরণ

গরু বা খাসি বা মুরগির রান্না করা মাংস আধা কাপ, সেদ্ধ আলু চটকানো ১ কাপ, চালের গুঁড়ো আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, ডিম ফেটানো ১টি, ব্রেডকাম্ব আধা কাপ, লবণ ১ চা চামচ, সয়াবিন তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ডিম, ব্রেডকাম্ব, তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিন।

২. কদমের আকারে বানিয়ে ডিমের গোলায় চুবিয়ে ব্রেডকাম্বে গড়িয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

৩. ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে পরিবেশন করুন।

মাছ পিঠা

উপকরণ

টাকি মাছ ২৫০ গ্রাম, ময়দা ১ কাপ, পাতাকপি কুচি ১ কাপ, গাজর কুচি আধা কাপ, ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো আধা চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, লবণ ১ চা চামচ, লবঙ্গ ৩টা।

যেভাবে তৈরি করবেন

১. কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ও সব সবজি দিয়ে ভাজুন।

২. এরপর লবণ, ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন।

৩. টাকি মাছে লবণ আর গুঁড়ো মরিচ ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করে ঠা-া হলে কাঁটা বেছে রাখুন।

৪. ময়দায় লবণ, ২ টেবিল চামচ সয়াবিন তেল ও সামান্য পানি দিয়ে ময়ান করে ডো বানিয়ে নিন।

৫. ডো দিয়ে লেচি কেটে লম্বাটে করে বেলে নিয়ে মাঝখানে ফাঁকা রেখে দুই পাশে চাকু দিয়ে দেড় ইঞ্চি মাপে পর পর কাটুন। এমনভাবে কাটতে হবে যেন মাছের

আকৃতি করা যায়। এরপর মাঝখানে সেদ্ধ সবজি দিয়ে তার ওপর কাঁটা বাছা মাছ দিয়ে ময়দায় কাটা অংশগুলো মাছের মতো মুড়িয়ে পানি দিয়ে আটকে দিন।

৬. এরপর কড়াইয়ের ডুবো তেলে লালচে করে ভাজুন।

মাংসের ঝাল পিঠা

উপকরণ

গরু বা খাসি বা মুরগির রান্না করা মাংস ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, ময়দা ১ কাপ, লবণ ১ চা চামচ, সয়াবিন তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ময়দায় ২ টেবিল চামচ তেল, লবণ আর সামান্য পানি দিয়ে মাখিয়ে ডো তৈরি করে রাখুন।

২. কড়াইয়ে আধা কাপ তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে বাদামি হলে রান্না মাংস দিয়ে ঝুড়ি করে ভেজে নিন।

৩. ময়দার লেচি কেটে পছন্দমতো আকার দিয়ে মাংসের পুর ভেতরে দিয়ে আটকে ডুবো তেলে ভেজে গরম গরম

পরিবেশন করুন।