রেসিপি দিয়েছেন : মিতা খানম
হোয়াইট সস
উপকরণ
তরল দুধ ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক চিমটি, রসুন পেস্ট আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে বাটার দিন।
২. গরম হয়ে গলে ময়দা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিন।
৩. এবার বাকি সব উপকরণ দিয়ে ৩ মিনিট ভালো করে মিশিয়ে নিন ও ঘন হয়ে এলে নামিয়ে নিন।
৪. এভাবেই তৈরি করে নিন হোয়াইট সস। পাস্তার সঙ্গে পরিবেশন করুন।
গ্রিন চিলি সস
উপকরণ
কাঁচামরিচ ১৫০ গ্রাম, রসুনের কোয়া ৬টি, ভিনেগার ১ কাপ, চিনি আধা কাপ, চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ, তেঁতুলের রস ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে কাঁচামরিচ কুচি করে কেটে নিন। এরপর রসুন কুচি করে কাটুন।
২. চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন।
৩. তেল গরম হলে কাঁচামরিচ ও রসুন কুচি ভেজে নিন হালকা করে এবং ব্লেন্ডারে পেস্ট করে একে একে সব উপকরণ মিশিয়ে নিন।
৪. এবার মেশানো মিশ্রণ আবার একটু জ্বাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
৫. পুরি বা কিমা পুরির সঙ্গে পরিবেশন করুন মজাদার গ্রিন চিলি সস।
ম্যাংগো সস
উপকরণ
পাকা আমের রস বা ক্বাথ ১ কাপ, কাঁচামরিচ পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিলে চামচ, লবণ আধা চা চামচ, ভিনেগার ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে রসুন ও কাঁচামরিচ পেস্ট দিয়ে নেড়ে আমের ক্বাথ দিয়ে দিন।
২. এরপর একে একে বাকি সব উপকরণ দিয়ে ২ মিনিট রান্না করুন।
৩. সব উপকরণ একত্রে মিশে গেলে নামিয়ে নিন। টক ঝাল মিষ্টি এই সস শিঙাড়া-সমুচার সঙ্গে পরিবেশন করুন।
তেঁতুলের সস
উপকরণ
তেঁতুলের ক্বাথ ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, ভিনেগার ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চুলায় কড়াই বসিয়ে তেল দিন।
২. তেল গরম হলে তেঁতুলের ক্বাথ দিয়ে একে একে সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিন।
৩. ঠান্ডা হলে নামিয়ে সসের বাটিতে ঢেলে পাকুড়ের সঙ্গে পরিবেশন করুন।