গরমে মেয়েদের মতো ছেলেরাও চুল নিয়ে দিশেহারা হয়ে যায়। এই সময়টাতে চুলের যত্ন নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চুলের স্টাইলটাও হতে হয় গরম উপযোগী।
সব মিলিয়ে বলা যায়, গরমে এমন হেয়ারকাট বেছে নেওয়া উচিত, যা আরাম দেয়, সহজে যত্ন করা যায় এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়। সঠিক কাট নির্বাচন করলে গরমের মধ্যেও আপনি ফ্রেশ ও স্টাইলিশ থাকতে পারবেন। গরমের চুলের কাট নিয়ে জানিয়েছেন হেয়ারস্টাইলিশ মেনস অপশনের শামীম ইলিয়াস
প্রচন্ড গরম, ঘাম এবং ধুলাবালির কারণে চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে পড়ে। তাই এ সময়ের জন্য উপযুক্ত হেয়ারকাট এবং যত্নের কিছু বিষয় জানা জরুরি।
প্রথমত, গ্রীষ্মকালীন হেয়ারকাটে গুরুত্বপূর্ণ হলো হালকা ও স্বস্তিদায়ক স্টাইল। ছোট চুল গরমে আরাম দেয় এবং ঘাম কমায়। চুলের কাটের জনপ্রিয় ধারা হলো ক্রু কাট, ফেড কাট, আন্ডারকাট ইত্যাদি। এ ছাড়া এআই ব্যবহার করে নিজের মুখের গঠন অনুযায়ী সবচেয়ে মানানসই স্টাইলটা সহজেই বেছে নিতে পারবেন। বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে নিজের ছবি আপলোড করলে এ আই বিশ্লেষণ করে সেরা হেয়ারকাট আপনাকে বেছে দেবে।
চুলের কাটের ধরন
ক্রু কাট (Crew Cut) : এ বছর গরমে ছেলেদের চুলের কাটে এই স্টাইলটা বেশ জনপ্রিয়। এ ধরনের হেয়ারকাট খুব ছোট এবং ক্লিন স্টাইল, যেখানে মাথার পাশ ও পেছনের চুল ছোট করে কাটা হয় এবং ওপরের অংশ সামান্য বড় থাকে। গরমে এই কাট খুবই জনপ্রিয়, কারণ এর ফলে মাথায় ঘাম কম হয় এবং মাথা ঠা-া রাখতে সাহায্য করে। যাদের অনেক বেশি বাইরে থাকতে হয় এবং ব্যস্ত জীবনযাপন করেন বা দু-এক দিন পর পর চুল পরিষ্কার করার সময় পান না, তাদের জন্য দারুণ অপশন।
ফেড কাট (Fade Cut) : গরমে সবচেয়ে ট্রেন্ডি স্টাইলগুলোর একটি। এতে চুল ধীরে ধীরে ছোট থেকে বড় হয় এবং নিচে একদম ছোট ও ওপরের দিকে চুলের লেন্থ একটুু বড় থাকে । এর বিভিন্ন ধরন আছে যেমন লো ফেড, মিড ফেড, হাই ফেড। গরমের জন্য লো বা মিড ফেড বেশ ভালো, কারণ দেখতে স্টাইলিশ হওয়ার পাশাপাশি মাথায় অতিরিক্ত ভারও তৈরি করে না। বেশ একটা সিম্পল লুক দেয়।
আন্ডারকাট (Undercut) : অতিরিক্ত গরমের জন্য এই ধরনের কাট অনেকেই বেছে নিচ্ছেন। এই কাটে মাথার পাশ এবং পেছনের চুল খুব ছোট রাখা হয়, কিন্তু ওপরের চুল তুলনামূলক বড় থাকে। যারা একটু ফ্যাশনেবল লুক চান, তারা এই কাট নিতে পারেন। তবে এই স্টাইলটি ঠিকঠাক রাখতে মাঝে মধ্যে ট্রিম করার প্রয়োজন পড়ে।
বাজ কাট (Buzz Cut) : সহজ ও আরামদায়ক স্টাইল হলো বাজ কাট। সব বয়সীই এ ধরনের কাট পছন্দ করছেন। এতে পুরো মাথার চুল প্রায় সমানভাবে খুব ছোট করে কেটে দেওয়া হয়। যতেœর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। গরমে যারা একদম ঝামেলামুক্ত থাকতে চান, তাদের জন্য আদর্শ হেয়ারকাট। তবে এই কাট নেওয়ার আগে মাথার আকার এবং স্কিন টোন বিবেচনা করা ভালো।
শর্ট টেক্সচার্ড কাট (Short Textured Cut) : যারা একটু ক্ল্যাসিক লুক পছন্দ করেন, তাদের জন্য শর্ট টেক্সচার্ড কাট ভালো অপশন হতে পারে। এতে চুল খুব ছোট না রেখে সামান্য লেয়ার দেওয়া হয়, যাতে চুলে একটি ন্যাচারাল ভলিউম থাকে। গরমে এটি কিছুটা স্টাইল ধরে রাখে, আবার খুব বেশি গরমও লাগে না।
আইভি লিগ কাট (Ivy League Cut) : অনেক বেশি স্টাইলিস্ট ও পরিপাটি স্টাইলের চুলের কাট বলা যায়। এটি ক্রু কাটের মতো হলেও ওপরের চুল একটু বেশি লম্বা থাকে, ফলে হালকা করে সাইড পার্ট করা যায়। অফিস বা ফরমাল পরিবেশের জন্য এটি খুবই উপযুক্ত।
চুলের যত্ন : গ্রীষ্মকালে চুলের জন্য কী ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত, কত দিন পরপর শ্যাম্পু ব্যবহার করা উচিত, কিংবা কীভাবে চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা যায় এসব বিষয়ে জানা থাকা দরকার।
পোশাকের মতো চুলের ট্রেন্ডও সবসময় পরিবর্তনশীল, গ্রীষ্মকালেও নতুন নতুন হেয়ারস্টাইল ট্রেন্ডে আসে। তবে গরমের সময়ে চুলের কাট বেছে নেওয়া শুধু স্টাইলের ব্যাপার নয়, আরাম, পরিচ্ছন্নতা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তাপমাত্রা বেশি থাকায় মাথায় ঘাম জমে, চুল চিটচিটে হয়ে যায় এবং অনেক সময় খুশকি বা চুল পড়ার সমস্যাও বাড়ে। তাই এমন হেয়ারকাট বেছে নিতে হবে, যা হালকা, সহজে যত্ন করা যায় এবং দেখতে স্মার্ট লাগে। চুল খুশকি মুক্ত রাখতে নিয়মিত শ্যাম্পু করা জরুরি।
গরমে চুলের কাট বেছে নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন চুল যত ছোট হবে, তত কম ঘাম জমবে এবং পরিষ্কার রাখা সহজ হবে। তবে একদম ছোট কাট সবার সঙ্গে মানায় না, তাই মুখের গঠন অনুযায়ী চুলের কাট বেছে নেওয়া উচিত। পাশাপাশি নিয়মিত শ্যাম্পু করা, চুল শুকনো রাখা এবং খুব বেশি হেয়ার প্রোডাক্ট ব্যবহার না করাও গুরুত্বপূর্ণ।