এই দিনে

সুফি মোতাহার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

কবি সুফি মোতাহার হোসেনের মৃত্যুবার্ষকী আজ। ১৯৭৫ সালের ৭ আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

কবি মোতাহার হোসেনের জন্ম ফরিদপুরে ১১ সেপ্টেম্বর ১৯০৭ সালে। তার বাবার নাম মোহাম্মদ হাশেম। তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এন্ট্রান্স, ঢাকার জগন্নাথ কলেজ থেকে এফএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে প্রথম বিভাগে বিএ পাস করেন। 

ফরিদপুর জজ কোর্টে তার কর্মজীবন শুরু হয়। বছর দুয়েক পরে তিনি নিউরেস্থিনিয়া, ডিসপেপশিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হন। এ রোগ ক্রমেই মস্তিষ্কে আঘাত করায় তার সারা দেহ অবসন্ন হয়ে পড়ে। ডাক্তার বিধান রায় ও ডা. নীল রতন সরকারের চিকিৎসায়ও তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করতে ব্যর্থ হয়ে তালতলার পীর সাহেব আরশেদ আলীর শরণাপন্ন হন এবং অলৌকিকভাবে আরোগ্য লাভ করেন।  

সুস্থ হওয়ার পর শুরু করেন শিক্ষকতার জীবন। মাদারীপুর ও ভাঙ্গা পাইলট হাই স্কুল, ময়েজউদ্দীন হাই মাদ্রাসা ও পটুয়াখালী স্কুলে শিক্ষকতা করেন। ১৯৫০ সালে তিনি ঈশান ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি কাজী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় ও যোগাযোগ সূত্রে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ হন। 

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বাংলা কাব্যপরিচয় পাঠ্যপুস্তকে তার ‘দিগন্ত’ নামক সনেট স্থান পায়। ১৯৬৫ সালে তার প্রথম কাব্যগ্রন্থ সনেট সংকলন প্রকাশিত হয়। পরে সনেট সঞ্চয়ন, সনেটমালা ইত্যাদি নামে তার আনও দুটি সনেটগ্রন্থ প্রকাশিত হয়। প্রেম, প্রকৃতি ও মানবতা তার সনেটের মূল প্রতিপাদ্য। 

১৯৬৫ সালে তিনি আদমজী পুরস্কার, ১৯৭০ সালে প্রেসিডেন্ট পুরস্কার এবং ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।