যশোরে ডাকাতদের মারধরে নৈশপ্রহরীর মৃত্যু

যশোরের ঝিকরগাছায় ডাকাতদল মারধর করে বেঁধে রাখায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক গৌতম কুমার।

তিনি জানান, একটি গাড়ি ও আইপিএসে ব্যবহৃত ব্যাটারির দোকান ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ডাকাতি হয়েছে। ৮/১০ জন ডাকাত পিকআপ নিয়ে সেখানে এসে অস্ত্রের মুখে চার নৈশ প্রহরীকে বেঁধে ফেলে। এ সময় তাদের মুখ স্কচটেপ দিয়ে আটকে দেওয়া হয়।

‘খবর পেয়ে রাত তিনটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা নৈশপ্রহরীদের বাঁধনমুক্ত করেন। এ সময় আব্দুস সামাদ (৮০) নামে এক প্রহরীকে অচেতন অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে।’

আব্দুস সামাদ ঝিকরগাছা উপজেলার বেড়েলা গ্রামের বাসিন্দা ছিলেন।

ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের স্বত্বাধিকারী খাইরুল ইসলাম বলেন, তার দোকান থেকে নেয়া ২৫টি গাড়ির ব্যাটারির মূল্য চার লাখ টাকা।

মৃত আব্দুস সামাদের ছেলে নুরুননবী তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।

এসআই গৌতম আরও জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের আটক করতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।